আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি জুলাই সনদের সম্মানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সংস্কার নিয়ে লুকোছাপা করেনি।
গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনের প্রচার শুরুর পর শুক্রবার রংপুরের নির্বাচনী জনসভায় এসে প্রথমবারের মতো তারেক রহমান ‘হ্যাঁ-ভোট’ দেওয়ার আহ্বান জানালেন।
রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, ‘আপনাদের নিশ্চয়েই মনে আছে, আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে। ৩১ দফা সংস্কার প্রস্তাব।’
রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে সংস্কার নিয়ে বিএনপি কোনো লুকোছাপা করেনি উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘পরবর্তীতে আমরা কী দেখলাম? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন আসল, অন্তর্বর্তীকালীন সরকার এসে সংস্কার কমিশন করল এবং বাংলাদেশের প্রায় কম-বেশি রাজনৈতিক দলগুলোকে সেখানে আহ্বান করল। আমরাও গিয়েছি। সেখানে আমাদের সংস্কার প্রস্তাব আমরা দিয়েছি। মোটামুটিভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেটাই কম-বেশিভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনো কোনোটির ব্যাপারে আমাদের সঙ্গে কিছু কিছু দ্বিমত আছে। কিন্তু আমাদের সঙ্গে যদি দ্বিমত থাকে, আমরা লুকোছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি, কোনটিতে আমরা সম্মতি দিয়েছে। কোনটিতে আমাদের অসম্মতি আছে।’