বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

নরসিংদীতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

প্রতিনিধির নাম / ৪২৪ বার
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

যাত্রীবাহি বাস এনা পরিবহন ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই পরিবহনেরই চালক নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো ৮ যাত্রী। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে পলাশ উপজেলার নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদী এলাকার কদমতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এসআই মো: নাইবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এনা পরিবহনের চালকের নাম মো: ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভোরে পলাশের নরসিংদী-ঘোড়াশাল-টঙ্গী সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা এক কার্ভাডভ্যানের সাথে দ্রুত গতির এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এনা পরিবহনের চালক মো: ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরো ৮ জন। তাদের উদ্ধার করে নরসিংদী জেলা এবং সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত মো: জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত এনা পরিবহন ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশ থানার ওসি তদন্ত মো: জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় এনা পরিবহনের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ